বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’সহ সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে নাগরিক পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী কর্মসূচিতে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শাখার সহসভাপতি মাও. মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর সভাপতি সামছুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, পাহাড়ে উৎপাদন থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর ফলে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। চাঁদাবাজির কারণে পণ্যের বাজারমূল্যও বাড়ছে বলে দাবি করেন বক্তারা। পাহাড়ের বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা না দিলে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি ও অপহরণ বন্ধ এবং পাহাড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com