শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও ৩৭ করার প্রস্তাব অনলাইন প্রতিবেদক:: সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি।
সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আবদুল মুয়ীদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এখন উপদেষ্টা পরিষদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। অবসরের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল সরকার। কমিটিতে সদস্যসচিব হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। সদস্য হিসেবে ছিলেন, সাবেক যুগ্ম সচিব কওছার জহুরা, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম।