সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে অনুষ্ঠিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনালে ৪-১ গোলের বড় ব্যবধানে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব বনরুপা। অন্যদিকে রানার্সআপ হয়েছে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের শেষদিকে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কিংস অব বনরুপা।

এসময় প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি সাব-জোনের সাব-জোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন তুষার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। খেলায় সভাপতিত্ব করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা তুলে দেন। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিংস অব বনরুপার জাফর ইকবাল। একই দলের সৈকত চৌধুরী হন সেরা গোলরক্ষক। পাঁচ নম্বর ওয়ার্ড, বান্দরবান পৌরসভার মং শৈ নির্বাচিত হন সেরা গোলদাতা। আর সুশৃঙ্খল দলের পুরস্কার পায় শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব।

আয়োজকরা জানান, ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর মূল লক্ষ্য ছিল জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো। একই সঙ্গে তরুণদের ক্রীড়ামুখী করে তোলার উদ্দেশ্যেও এ আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচ ঘিরে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন বান্দরবানের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com