রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকান্ডসহ অন্যান্য নারী ও শিশু ধর্ষণ এবং নির্যানতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন চলকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, রাজধানীতে নৃসংশভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জামালপুরে গত এক মাসে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাকফোকর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। এ সময় মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতীকীভাবে দশ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করে রাখা হয়। কর্মসুচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com