শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
খুলনা ব্যুরো:: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আগামীকাল রাত পোহাবার আগেই আওয়ামী লীগ সমর্থিতরা ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হতে পারে। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর সব প্রস্তুতি নিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে পুলিশ। তিনি অভিযোগ করেন খুলনা শহরে সরকার সমর্থক ক্যাডার ও পুলিশ থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে। জোরদার করা হয়েছে গণগ্রেফতারও।
আজ সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে অধিকাংশই এখন ঝুঁকিপূর্ণ। আর যেসব কেন্দ্রে বিএনপির ভোট বেশি বলে ধারণা করা হচ্ছে, সেসব কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানোর পরিকল্পনা করছে সরকার সমর্থিত প্রার্থী।
সংবাদ সম্মেলনে মঞ্জু পুলিশের আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পুলিশ বিএনপি সমর্থিতদের সাথে চরম দুর্ব্যবহার করছে। হুমকি-ধামকি দিচ্ছে।
সুস্থ নির্বাচনের শঙ্কা প্রকাশ করে বিএনপির সাবেক এমপি মঞ্জু আরও বলেন, সব ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট বন্ধ করার চেষ্টা করতে পারে সরকার। তারপরও আমরা তাকিয়ে থাকবো সাধারণ ভোটারদের দিকে। যারা ধানের শীষে ভোট দিয়ে সরকারের দুঃশাসনের জবাব দিবে।