শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি:: নাটোরের মালিক ও শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বে এবার রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিক নেতারা।

শনিবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকরা। ফলে বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এর আগে, শুক্রবার শুধু রংপুর ও খুলনা বিভাগের গাড়ি চলাচল বন্ধ ছিল।

আজ সকালে শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলো খোলা রয়েছে। যেসব যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেকেই টিকিট কিনতে আসছেন, তবে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাসের সহকারী ব্যবস্থাপক জানান, ভোর থেকে বাস ছাড়া শুরু হয়। কয়েকটি বাসও ছাড়া হয়েছে। সকাল ৯টার দিকে কিছু শ্রমিক ও কয়েকজন বাস মালিক জানান, বাস চালাতে দেওয়া হবে না। সাধারণত শুক্রবার ও শনিবার ঢাকার যাত্রীদের বেশি চাপ থাকে। বাধ্য হয়ে টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে।

গাজীপুরে যেতে ইচ্ছুক মোর্শেদা বেগম নামে এক নারী যাত্রী জানান, তার সঙ্গে দুইটি শিশু রয়েছে। এই শিশুদের নিয়ে কীভাবে ঢাকায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

বাগমারা থেকে ঢাকার উদ্দেশে শিরোইল বাস টার্মিনালে আসেন রাফিউল ইসলাম নামে চাকরিজীবী। তিনি বলেন, আমি আগে জানতাম না যে বাস চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারে এসে শুনি, বাস চলবে না। এখন বাসায় ফিরে যেতে হবে। আর বাস চলাচল কখন স্বাভাবিক হবে সেটিও কাউন্টার থেকে বলতে পারছে না। তাই রাতে ট্রেনের স্ট্যান্ড টিকিট কেটে যেতে হবে।

পরিবহন শ্রমিকরা জানান, নাটোরের বাস শ্রমিকরা রাব্বি পরিবহন নামের একটি গাড়ি আটকে দেয়। এই বাসটি রাজশাহী থেকে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা পর্যন্ত যায়। তারা রাজশাহী থেকে চুয়াডাঙ্গার গাড়ি চলতে দেবে না। নিজেরাই চালাবে। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ আছে।

রাব্বি পরিবহনের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে দর্শনা রুটে রাব্বি পরিবহনের বাস চলাচলের জন্য নাটোর মালিক সমিতিকে জানানো হয়। তারা অসৌজন্যমূলক আচরণ করে। পরে রাতে (বৃহস্পতিবার) নাটোরে রাব্বি পরিবহনের একটি বাস আটক করে শ্রমিককে মারধর করা হয়। এ খবর জানার পরে নাটোরের বাস আটকিয়ে রাখা হয়। তারা এখনো আমার বাস ছাড়েনি।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহনের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচল করবে বলে জানায়। বাসটি চলাচলে নাটোর মালিক সমিতি সম্মতি না দেওয়ায় তারা বৃহস্পতিবার রাতে যাত্রীসহ নাটোরের ৯টি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করে। তারপর থেকে রাজশাহী মালিকদের কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। মারধরের বিচার নাহলে বাস চলাচল বন্ধ থাকবে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শুক্রবার তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তারা আমাদের সঙ্গে বসতে রাজি হয়নি। শুক্রবার তারা জানিয়ে দেয়, রাজশাহীর কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। তাই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেছে। তারা যদি এসে সমাধান না করে তাহলে বাস চলাচল বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com