মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া বের হতে থাকে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে মার্কিন বিমানবাহিনী এ বিমান ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির কারণে এর ডাকনাম ‘দ্য বাফ’ , যা ‘বিগ আগলি ফ্যাট ফেলো’ নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত।

এই বোমারু বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এতে শতাধিক প্রচলিত বোমা কিংবা ৩২টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে।

উড্ডয়নরত অবস্থায় আকাশেই জ্বালানি গ্রহণ করতে পারায় বি-৫২ বিশ্বের প্রায় যেকোনো প্রান্তে দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা করতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলে এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সামরিক অভিযানে বি-৫২ ব্যবহার করেছে মার্কিন বাহিনী।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com