রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মার্চ মাসের চেতনায় নৌকার বিজয় ধরে রাখতে হবে। মার্চ মাস বাঙ্গালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে জন্ম গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত ৪ মার্চ (রোববার) বিকাল ৫ টায় কাহারোল উপজেলার বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ মাসের ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষন দিয়ে বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং নিরস্ত্র বাঙ্গালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এ মাসে বঙ্গবন্ধু পরাধীন বাঙ্গালিকে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে ২৬ মার্চ স্বাধীনতা ঘোষনা করেছিলেন। তাই বাঙ্গালি জাতির জীবনে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের অধিকাংশ শিক্ষার্থী কৃষক পরিবারের। তাই শিক্ষকদের তাদের প্রতি আরো বেশি খেয়াল রাখতে হবে। শিক্ষকদের সবকিছু উজার করে দিয়ে শিক্ষার্থীদের শেখাতে হবে। তাহলেই এই অঞ্চলের শিক্ষার্থীরা আগামীতে বড় বড় জায়গায় গিয়ে সুনাম বয়ে আনতে পারবে। বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শে লেখাপড়া করাতে হবে। এ মাসের চেতনা কে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা রক্ষা করতে তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য সরকারের সকল ক্ষেত্রের উন্নয়নের বর্ণনা দিয়ে আপামর জনগণের সামনে এসব উন্নয়ন তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজেন্দ্র দেবনাথের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু ভুপেন্দ্র নাথ রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মিত্র, ইউনিয়ন আ’লীগের সম্পাদক পিযুষ কান্তি অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার দেবনাথ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।