শনিবার, ০৬ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম।
শনিবার বিকেলে দোহার উপজেলার নূরপুর মাদরাসা প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় বিভিন্ন ধরনের প্রায় এক হাজার গাছের চারা রোপন করা হয়।
এ সময় দোহার উপজেলা আমীর দেওয়ান শহিদুজ্জামান, সেক্রেটারি নুরে আলম ঝিলু, পৌর আমীর মো. শাখাওয়াত হোসেনসহ শিক্ষার্থী শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। আগামী দিনগুলোতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে মনে করেন তারা।
তিনি, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে বলে জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং জনসাধারণের জন্য উপযোগী স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।