শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিগত সরকার জ্বালানি নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক:: বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, দেশে গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন কোনো আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কয়েক মাস পর পর বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে পদ্ধতি বিগত আওয়ামী লীগ সরকার চালু করেছিল তা আর থাকছে না। আগের মতো গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে।

ফাওজুল কবির খান বলেন, ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে। আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।’

হুটহাট দাবিদাওয়া নিয়ে আন্দোলনের সমালোচনা করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ‘ধান কাটার মৌসুমের মতো এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব দাবি মেনে নেওয়ার তো সুযোগ নেই। এ সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com