বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বান্দরবানে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী নানা আয়োজন শেষে বান্দরবানে ভূমি সেবা মেলার সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: আরমান ভূঁইয়া, রাজপুত্র চসিং প্রু বনিসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, অনলাইন খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, ডিজিটাল রেকর্ড সংরক্ষন এবং ভূমি সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহণের মতো বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে আর এর ফলে জনগণের সময় ও ব্যয় কমেছে এবং দালালনির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে। ভূমি অফিসসমূহে কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাপনা চালুর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান সহজ হয়েছে। একই সঙ্গে ভূমি জরিপ কার্যক্রমে জিআইএস, স্যাটেলাইট ম্যাপিং ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে ভূমির সঠিক পরিমাপ ও তথ্য সংগ্রহ আরও নির্ভুল হচ্ছে। এসব উদ্যোগ ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভূমিসেবা উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গত ১৯ মে থেকে সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয় ভূমি সেবা মেলার, আর এই মেলার মাধ্যমে স্থানীয় জনগণ ভূমির বিভিন্ন সেবা গ্রহণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com