বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা জানান, আগামী ৪ জুলাই বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হবে। এই চিকিৎসা কার্যক্রমে চট্টগ্রামের অভিজ্ঞ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ এবং ৪জন চিকিৎসক উপস্থিত থাকবেন। প্রায় ২ হাজার রোগীকে বিনামুল্যে স্বাস্থ্য সেবার পাশাপাশি চোখের নানাবিধ রোগের চিকিৎসার ওষুধ প্রদান করা হবে।
এছাড়া যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন হবে তাদের বান্দরবান থেকে বিনামুল্যে চট্টগ্রাম নিয়ে গিয়ে লায়ন্স দাতব্য হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। এসময় সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া, মাহাবুব হাসান খাঁন বাবুল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।