সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জঃ নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার সন্ধ্যায় ঢাকার দোহারে আসছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। তিনি জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা-১ আসনের ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্বাচনী প্রচারণার সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়েছে। জামায়াত ইসলামের কোনো আমির এই প্রথম দোহারে আসছেন। তাঁর আগমনের বার্তায় ইসলামপন্থী ভোটারদের মধ্যেও এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এনসিপি নেতা মিজানুর রহমান বলেন, জামায়াতের আমিরের আগমনে ঢাকা-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর দাড়িপাল্লা প্রতীক বিজয়ী হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল।
এদিকে জয়পাড়া পাইলট স্কুলের মাঠে বিশাল প্যান্ডেল ও স্টেইজ করে প্রস্তুতি নেয়া হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি কে টার্গেট করে প্রতিটি ইউনিটে কাজ চলছে বলে জানান, দলটির মিডিয়া সেলের দায়িত্বে থাকা জামায়াত নেতা মোস্তাক আহমেদ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান আসবেন বলে সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেশী সংখ্যক পুলিশ র্যাুব আনসারসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন।