বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোতালেব সিকদার হত্যা মামলার আসামী আজমীর (৪৮) নামে এক ব্যক্তিকে সিসি ক্যামেরায় তথ্য প্রমাণ পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার বক্সনগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আজমির কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত আব্দুল রফিক ও সাফিয়া বেগমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মৃত সাহাজদ্দিন শিকদারের ছেলে মোতালেব শিকদার (৬৮)। পরের দিন ১৫ ডিসেম্বর সকালে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর নিমতলার আব্দুর গফুরের দোকানের সামনে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। লাশের ডান পায়ে হাটুর নিচে আঘাতের চিহ্ন এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। তাকে হত্যা করে দোকানের সাটারের সাথে বসিয়ে রাখা হয়। পরে পথচারিরা দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে শরীরে স্পর্শ করলে সে মাটিতে ঢলে পড়ে। পরে পুলিশ এসে মৃত অবস্থা পেয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর বৃদ্ধাকে হত্যা করার প্রতিবেদন আসে।

এঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে দীর্ঘ ৬ মাস পুলিশি তদন্ত করে। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে একমাত্র আসামী আজমীরকে সনাক্ত করা হয়। এরই সূত্র ধরে, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বক্সনগর বাজার এলাকা থেকে আজমীরকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু হানিফ বলেন, ধৃত আসামীকে সিসিটিভি ফুটেজে একটি বস্তা ভর্তি অবস্থায় কোনো বস্তুকে ঘটনাস্থলে এনে ফেলে রাখতে দেখা যায়। মূলত ওই বস্তায় বৃদ্ধের লাশ ছিলো। তার ভিত্তিতেই আজমিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আজমির একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা র তথ্য আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com