রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ ॥
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের খানহাটি এলাকায় মোটরসাইকেল চুরির মামলার বাদী সৌদি আরব প্রবাসী মো. মিরাজ খানের (২৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি একটি মোটরসাইকেল চুরির ঘটনায় আগলা খানহাটি গ্রামের মুনসুর উদ্দিন (৪৩), মো. বিপুল (২৪), মো. অনাহাদ (২২) ও আজিজুল ইসলাম (৪৫)-এর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন মিরাজ খান। এজাহারে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরা তার বাড়ির উঠান থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চোরাইকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত মুনসুর উদ্দিন, মো. বিপুল, মো. অনাহাদ ও আজিজুল ইসলামের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। পাশাপাশি তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ রয়েছে, শনিবার (৬ জুন) সকালে আগলা বাজারে একা অবস্থায় মিরাজ খানকে পেয়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার একটি সূত্র জানায়, মোটরসাইকেল চুরির অভিযোগ ও পরবর্তী হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।