মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর আয়োজনে ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিষয় ছিলো “প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা”। এতে অংশগ্রহণ করে বারুয়াখালী উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর রায়ে আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। তিনি, বিতর্ক প্রতিযোগিতাকে মেধা অন্বেষণের মাধ্যম উল্লেখ করে বলেন, মেধাবীরাই পারে শিক্ষার আলো ছড়াতে। এ উপজেলার শিক্ষাকে আরো এগিয়ে নিতে হবে। তাই মেধা অন্বেষণে প্রতিটি বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক মাহমুদ আলী খান টুলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমান জুয়েল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহআলম, নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন সুলতানা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান ভূইয়া।
বিচারকের দায়িত্বপালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন খান, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক প্রভাষক মো. হামিদুল্লাহ, বিপিএটিসি’র সহকারী পরিচালক মো. মোহাম্মদ নজরুল ইসলাম। শেষে বিজয়ী ও রানাসআপ দলকে পুরস্কার ও সনদ বিতরণ করা করেন অতিথিরা।