বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নড়াইলে লিবিয়া প্রবাসী যুবকের অর্থে তৈরী হচ্ছে সড়ক, ভোগান্তি কমবে ৫’শ পরিবারের

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলা সদরের পাশেই সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রাম। গ্রামের উত্তর পাড়ার একটি কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী প্রায় ৩০ বছর ধরে। বর্ষা এলে যেন ভোগান্তির শেষ নেই। ভুক্তভোগী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল হাড়িডাঙ্গা মাদ্রাসা থেকে লস্কার পাড়া পর্যন্ত ৫‘শ মিটার সড়ক নির্মাণের। কিন্তু সরকারের বিভিন্ন দফতরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ছিলো। কেউ-ই এই সড়কের বাসিন্দাদের তোয়াক্কা করেনি বলে জানিয়েছে তারা।

প্রতিবেশীর কষ্ট লাঘব করতে এগিয়ে এসেছেন হাড়িডাঙ্গা গ্রামের নাসির লস্করের ছেলে লিবিয়া প্রবাসী যুবক রানা লস্কর(৩২)। নিজের অর্থে উদ্যোগ নেন কাদামাটির সড়কটি উন্নয়নের। সড়কের প্রায় ৫’শ মিটার দৈর্ঘ ও ১২ ফুট প্রশস্ত কাদামাটির উপরে ইটের সলিং এবং তারপর ঢালাই এর জন্য কাজ করা হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সড়ক নির্মানের কাজ। এখানে প্রতিদিন প্রায় ২০ জন শ্রমিক কাজ করছে। তারা আশা করছে আগামী ১৫ দিনের মধ্যে সড়কটি নির্মাণ শেষ হবে।

ওই এলাকার বাসিন্দা বাবু থান্ডার (৬৫), জাকির মোল্য (৬০), রনি থান্ডার (৩০)সহ অনেকেই জানালেন, বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের খুবই কষ্ট হতো। ছেলে মেয়েদের স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে অসুবিধা হতো। সবার কষ্টের কথা চিন্তা করে এলাকার কৃতি সন্তান রানা লস্কর সড়কটি নির্মাণ করে দিচ্ছে। এতে তারা খুবিই খুশি।

সালামাবাদ ইউনিয়নের চেয়ারমান মোল্যা মাহাবুর রহমান মাহী বলেন, ইউনিয়ন পরিষদে এ ধরনের সড়ক নির্মাণের বরাদ্দ আসে না। তবে সড়কটি এলজিইডিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে এটি নির্মাণ করা হবে। তবে প্রবাসী রানা এলাকার স্বার্থে নিজের অর্থে সড়কের কিছু অংশ নির্মাণ করায় তাকে সাধুবাদ জানাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী বলেন, ব্যক্তির অর্থায়নে সড়ক নির্মানের তথ্য আমার কাছে নেই। এমনকি ওই রাস্তা নির্মানের জন্য আমাদের কাছে কোন আবেদনও আসেনি। তিনি সরকারি সহযোগীতা নিতে পারতেন। তারপরও তিনি এলাকাবাসীর কথা ভেবেছেন- এ মহান উদ্যোগকে স্বাগত জানাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com