মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে পূর্ববিরোধের জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর আরাফাত মোল্যা ওই গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, নিহত নুর আরাফাতের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com