রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লংলেই পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত একটি সৌরচালিত সুপেয় পানির পাম্পের উদ্বোধন করা হয়েছে।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে জোন কমান্ডার স্থানীয় জনসাধারণের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, লংলেই পাড়ার বাসিন্দা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বান্দরবান সেনা জোনের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে এই সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাম্পটির উদ্বোধনে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আগে পানি আনতে পাহাড়ের ঝিরিতে নেমে পানি আনতে প্রায় ১ ঘন্টা সময় লাগতো, কস্ট হতো এখন ঘরের পাশেই ১০ মিনিটে বিশুদ্ধ পানি হাতের নাগালে। স্থানীয় পাড়া কারবারি মুনত্লিং বলেন, বহু আগে অনেক এনজিও এসে কথা দিয়ে গেলেও তারা কোন কাজ করেনি, শেষ পর্যন্ত সেনাবাহিনীর উদ্যোগে এই এলাকার ২৫ টি পরিবারের সুপেয় পানির সমস্যা দূর হলো, এ জন্য আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।
বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় জনসাধারণ বলেন, প্রকল্পটি তাদের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সেনাবাহিনীর বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।