রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের সব কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী এম কে রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তাদের দাবি, ওই সময়ে দেশের বিভিন্ন খাতে অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও যেন অস্থিতিশীলভাবে ক্ষমতা হারাতে না হয়। আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান এবং কীভাবে তদন্ত হবে তা সরকার নির্ধারণ করবে। তিনি জানান, অ্যাটর্নি জেনারেল বিষয়টি সরকারকে অবহিত করবেন বলে জানিয়েছেন।