বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেনটাডল ট্যাবলেট ও চোরাই মদসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১৪টি ইয়াবা, ২৯০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, দুই লিটার চোরাই মদ, নগদ ১২ হাজার ৫০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় অভিযান চালায় রাণীশংকৈল থানা-পুলিশ। ওই এলাকার মৌসমী জামান তুষারের বসতবাড়িতে মাদক কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আবু তাহেরের দুই ছেলে মৌসমী জামান তুষার (৩০) ও মনিরুজ্জামান তুহিন (৩৫) এবং রাতুর কালগাঁও গ্রামের সামছুল হকের ছেলে ফাহিম হক (১৯)।
পুলিশ জানায়, অভিযানে মৌসমী জামান তুষারের কাছ থেকে ১৪০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। মনিরুজ্জামান তুহিনের কাছ থেকে ৪০টি ট্যাপেনটাডল ট্যাবলেট ও আটটি বোতলে থাকা দুই লিটার চোরাই মদ এবং ফাহিম হকের কাছ থেকে ১০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে আটক তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে হরিপুর থানা-পুলিশের সহযোগিতায় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাঁও গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে সাদ্দাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে আরও পাঁচজনকে আটক করে পুলিশ।
আটক অপর পাঁচজন হলেন- টেংরিয়া দিলগাঁও গ্রামের সাদ্দাম (৩৭), মইনুদ্দিন বিশ্বাস ওরফে ছোটন (২৮), তমিরুল ইসলাম (৩৪), রাকিবুল ইসলাম রানা (১৯) ও আশরাফ (৩০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দামের কাছ থেকে ৬৪টি ইয়াবা, ১০টি ট্যাপেনটাডল ট্যাবলেট ও নগদ ১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। মইনুদ্দিন বিশ্বাস ওরফে ছোটনের কাছ থেকে ৫০টি ইয়াবা ও ৩০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া তমিরুল ইসলাম, রাকিবুল ইসলাম রানা ও আশরাফের প্রত্যেকের কাছ থেকে ২০টি করে মোট ৬০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই অভিযানে সব মিলিয়ে ১১৪টি ইয়াবা, ২৯০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, দুই লিটার চোরাই মদ, নগদ ১২ হাজার ৫০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আটজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।