রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিন অর্থাৎ ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি আজ (১৭ মে) শুরু হয়েছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি করা হয় ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট বিক্রি করা হয় ১৬ মে।
এদিকে ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হলেও চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। এছাড়া ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
ঈদকে কেন্দ্র করে ট্রেনযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।