বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নিজস্ব প্রতিবেদক ॥
মধ্যপ্রাচ্যের বারুদঠাসা পরিস্থিতিতে নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ উত্তেজনার পর ইরানের ওপর সম্ভাব্য সব ধরনের হামলা ও বোমাবর্ষণ আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হয়েছে।
আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে ট্রাম্পের এই ঐতিহাসিক ঘোষণার ৯টি গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো:
হামলা স্থগিত: প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুই সপ্তাহের জন্য ইরানের ওপর যেকোনো ধরনের বোমাবর্ষণ ও সামরিক অভিযান স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
পাকিস্তানের মধ্যস্থতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিশেষ অনুরোধে ট্রাম্প এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছেন।
ধ্বংসযজ্ঞ এড়ানো: মূলত ইরানের ওপর একটি বিশাল ও ধ্বংসাত্মক হামলা চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, যা পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের অনুরোধে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালী প্রসঙ্গ: এই যুদ্ধবিরতির বিনিময়ে ইরানকে অবিলম্বে এবং নিরাপদভাবে ‘হরমুজ প্রণালী’ আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি: ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই যুদ্ধবিরতি বা সামরিক স্থবিরতা হবে সম্পূর্ণ দ্বিপাক্ষিক।
ইসরায়েল ইস্যু: ট্রাম্পের এই ঘোষণায় ইরান ও লেবাননে ইসরায়েলের চলমান হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।
১০ দফার প্রস্তাব: যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি কার্যকর ‘১০ দফা প্রস্তাব’ পেয়েছে, যা নিয়ে আলোচনার পথ প্রশস্ত হয়েছে।
চূড়ান্ত চুক্তির লক্ষ্য: এই দুই সপ্তাহ সময়কে একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
সমাধানের ইঙ্গিত: ট্রাম্পের মতে, দীর্ঘদিনের অমীমাংসিত মধ্যপ্রাচ্য সংকট এখন একটি চূড়ান্ত ও কার্যকর সমাধানের অত্যন্ত কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর এই প্রক্রিয়া কতটুকু সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।