শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘স্টার ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে ইটভাটাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালীন দেখা যায়, স্টার ব্রিকস ইটভাটাটি কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের জন্য চরম ক্ষতিকর ‘ফিক্সড চিমনি’ ব্যবহার করছিল। আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার ফিক্সড চিমনিটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক ছামিউল আলম কুরসি জানান:
“জেলায় মোট ৪টি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিল। গত দুই সপ্তাহের ধারাবাহিক অভিযানে আমরা ৩টির চিমনি গুঁড়িয়ে দিয়েছি। অবশিষ্ট একটিতেও খুব দ্রুত অভিযান চালানো হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুল বলেন:
“সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে জামালপুরের এই অবৈধ ফিক্সড চিমনি ধ্বংস ও জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”