শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয় ও পলকের নামে মামলা

জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয় ও পলকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামে মামলা হয়েছে। এ মামলায় মোট আসামি ১৯ জন।

মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর কাফরুল থানায় সংক্ষুব্ধ এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এ মামলাটি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা।

আরও বলা হয়েছে, এসব তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। জয় ও পলকসহ আাসমিদের বিরুদ্ধে তথ্য বিক্রির প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে মামলায়।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। পৃথক মামলায় বর্তমানে ২৪ দিনের রিমান্ডে তিনি। অন্যদিকে, হাসিনাপুত্র জয়ের নামেও একাধিক মামলা হয়েছে। তবে তিনি দেশের বাইরে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com