রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত আদালত প্রতিবেদক:: জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এই কর্মকর্তার নাম গোপন রাখা হয়েছে।
জানা গেছে, আজকের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা সম্পন্ন হওয়ার পরপরই বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এই মামলায় অভিযুক্ত দুই আসামির মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। পলাতক থাকায় জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আনা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা নৃশংস হামলা চালায়।
এছাড়া ইন্টারনেট বন্ধ করে দিয়ে মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানোর প্ররোচনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই হামলার ধারাবাহিকতায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহতের ঘটনা প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উত্তরা এলাকায় ৩৪ জনকে হত্যার পেছনেও তাদের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।