শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

জমে উঠেছে খুলনার বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো::

বনজ-ফলজ-ঔষধী আর শোভাবর্ধনকারী গাছে ভরে আছে খুলনা সার্কিট হাউজ ময়দান। যেন ইট-বালুর বুকে সবুজের সমারোহ। ভিড় লেগে আছে বৃক্ষপ্রেমীদের। ছুটির দিনগুলোতে থাকছে উপচেপড়া ভিড়। বিকিকিনি হচ্ছে নানা জাতের গাছের চারা। এভাবেই জমে উঠেছে খুলনার বৃক্ষমেলা। প্রতি বছরের মত এবারও খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ জুলাই থেকে বসেছে খুলনা বিভাগীয় বৃক্ষমেলা। প্রতিদিন মেলায় প্রয়োজনীয় গাছের খোঁজে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্টলে স্টলে শোভা পাচ্ছে লেবু, জাম্বুরা, পেয়ারা, মাল্টা, ড্রাগন, কমলা, নাশপতি, সফেদাসহ বাহারি ফলের গাছ। চোখ জুড়ানো সবুজের মেলায় এসে খুশি দর্শনার্থীরা।

মেলায় ঢুকতেই চোখে পড়ে নানা জাতের আম গাছ। মেলা সেজেছে ল্যাংড়া, আম্রপালিসহ শতাধিক জাতের আম গাছে। মেলায় আসা মানুষের আগ্রহ তাই আম গাছে। বিভিন্ন জাতের ফলের পাশাপাশি অর্কিড, ক্যাকটাস, বনসাই, ড্রসিনা, অ্যানথোরাম, মুসান্ডা, এরিকা ফুলের গাছ মেলার সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণে। মেলাজুড়ে আছে বনজ বৃক্ষের সমাহার। মাত্র ১০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকার সৌখিন গাছ শোভা পাচ্ছে এবারের মেলায়। বিশেষ করে যারা ছাদ কৃষি করেন তারা কিনছেন ফল-ফুলের নানা গাছ। মেলার নিয়ন্ত্রণ কক্ষের ঠিক বাম পাশে রয়েছে ‘ম্যাজিক ফেরোমন সবজী স্পেশাল’ নামে একটি বেড। যেখানে একই সঙ্গে মাছ, সবজী ও ফলজ-বনজ গাছ চাষের চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে ভোজন রসিকদের পছন্দের অন্যতম মাংস রান্নার উপকরণ ‘চুইঝাল’র গুণাগুণ সম্বোলিত ফেস্টুনও। সবমিলে ধীরে ধীরে জমে উঠছে এবারের মেলা। বিশেষ করে শুক্র ও শনিবার ছুটির দিনে মেলায় উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। নাগরিক জীবন থেকে হারিয়ে যাওয়া সবুজ অরণ্য যেন মেলায় টানছে নগরবাসীকে।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় কমিটির হিসেব মতে, এবারের মেলায় স্টল রয়েছে ৫৬টি। মেলা উদ্বোধনের দিন বনজ ১১৩টি, ফলদ ৩১০টি, ওষধি ১১৯টি, বর্ধণকারী ৩৪৯টি এবং ফুল গাছ বিক্রি হয়েছিল ২৩৫টি। যার মূল্য ছিল ৮৬ হাজার ৪৯৫ টাকা। ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৬ হাজার ৩২৯টি গাছ বিক্রি হয়েছে। যার মূল্য ১৫ লাখ ৩৬৩ টাকা।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপালনরত সুন্দরবন পশ্চিম বন বিভাগের বন সহকর্মী সৈয়দ অলিউর রহমান মিলন ও মো. আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, প্রতিদিনই মেলায় দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা বাড়ছে। সার্বিক নিরাপত্তা, শৃংখলা এবং পরিবেশ ভালো থাকায় অভিভাকরা সন্তানদের নিয়ে মেলায় আসছেন। বিক্রিও হচ্ছে বেশ। এবার মেলায় ফলজ এবং শোভাবর্ধনকারী গাছের চারা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে বলেও জানান তারা। মেলায় আগত দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইন্সিটিটিউটের নবীন কৃষিবিদ নাইমুল হাসান জানান, মেলায় আসলে অনেক পরিচিত-অপরিচিত গাছ দেখা যায়, কেনা যায়। তবে মেলার সময়টা অনেক কম হয়ে গেছে। মাসব্যাপী বৃক্ষমেলা হলে ভাল হয়। খুলনা সিটি কলেজের ছাত্রী রওশন জেবিন তৃষা জানান, বৃক্ষমেলায় আসলে মন ভালো হয়ে যায়। অনেক প্রজাতির গাছ দেখা যায়, চেনা যায়। তবে বৃক্ষমেলার প্রচারণা আরও বাড়ানো দরকার। করিম নার্সারীর প্রতিনিধি আকবর বিন ওসমানি জানান, এবারের বৃক্ষমেলার আয়োজন অনেক ভাল। বেচাকেনাও বেশ ভাল হচ্ছে। মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। মানুষের মধ্যে সৌখিনতা বেড়েছে, ফলে অনেকেই এখন ছাদ কৃষির দিকে ঝুঁকছেন।

খুলনা নার্সারী মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল জানান, এক সময় খুলনা সিটিতে ৮৭টি নার্সারী ছিল। শুধুমাত্র জায়গার অভাবে সেই সংখ্যা এখন নেমে গেছে ২৬টিতে। তিনি বলেন, মেলার সময়সীমা বাড়নো দরকার। এখানে প্রতিদিন নতুন নতুন গাছ আসছে। বিক্রিও হচ্ছে ভালো।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন জানান, আমরা এবার মেলায় আগত সকল নার্সারী মালিককে সকল প্রকার সুযোগ সুবিধা দিতে চেষ্টা করছি। মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দর্শনার্থী বা ক্রেতারা সানন্দে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পছন্দমতো বৃক্ষ ক্রয় করতে পারছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com