মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
চীনে পরীক্ষায় খারাপ করায় ৮ জনকে ছুরিকাঘাতে হত্যা আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পূর্ব চীনের একটি স্কুলের বাইরে ছুরিকাঘাত করে ৮জনকে হত্যা করেছে এক যুবক। এসময় আহত হয়েছেন আরও ১৭ জন। অভিযুক্ত ২১ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি শহরের ইসিং আর্টস অ্যান্ড ক্রাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষা দেন। কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। ফলে ইন্টার্নশিপে কম বেতন পান। আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। অভিযুক্ত যুবক কোনও দ্বিধা ছাড়াই তার অপরাধ স্বীকার করেছেন।
ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এই হামলার কয়েকদিন আগে, সোমবার দক্ষিণ চীনের ঝুহাই শহরে স্টেডিয়ামে গাড়ি চালিয়ে জনতার ওপর উঠিয়ে দেওয়ার এক ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হন।
পুলিশ জানিয়েছে, ওই চালক তার ডিভোর্সের বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন।
এরপর থেকেই চীনে এই ধরনের সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজের ওপর প্রতিশোধ নামে একটি সামাজিক প্রবণতা নিয়ে আলোচনা চলছে, যেখানে ব্যক্তিগত অসন্তোষের কারণে অপরিচিত লোকজনের ওপর হামলা করা হয়।