মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: চীন-এর হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সোমবার বিকেলে চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারখানাটির দুটি ব্ল্যাক পাউডার গুদাম অতিরিক্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজে সহায়তার জন্য তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।
এদিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হলেও, সেই ব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঘটনার পর শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।