রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।