রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান

গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান

এস কে এম তুষার, রাজশাহী ব্যুরো প্রতিনিধি:

শিক্ষানগরী রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন, নান্দনিক ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও নাগরিক সেবামূলক নানা উদ্যোগের মাধ্যমে তিনি নগরবাসীর প্রশংসা অর্জন করেছেন।

বুধবার  ২০ মে বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীকে মাদকমুক্ত গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ভাবে কাজ চলছে। নগরীর বিভিন্ন সড়ক ও ডিভাইডারে নান্দনিক আলোকসজ্জা, রঙিন ফুলের গাছ রোপণ এবং সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগ ইতোমধ্যেই নতুন মাত্রা যোগ করেছে। নগরীকে আরও দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করতে এ কার্যক্রম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “রাজশাহীকে কোনোভাবেই মাদকের আখড়ায় পরিণত হতে দেওয়া যাবে না। একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক নগর গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” নগরবাসীর দুর্ভোগ কমাতে দীর্ঘদিন ধরে বন্ধ ও অপরিষ্কার থাকা ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে।

এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান ফ্লাইওভার প্রকল্পের কাজ তদারকির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হয়েছে বলে জানান তিনি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরী পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, যারা ছাগল বা খাসি কোরবানি করবেন তাদের প্রত্যেককে একটি পলিথিন ব্যাগ ও আধা কেজি ব্লিচিং পাউডার দেওয়া হবে। আর যারা গরু বা বড় পশু কোরবানি করবেন, তাদের দেওয়া হবে দুটি পলিথিন ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার। নির্ধারিত পলিথিনে পশুর বর্জ্য সংরক্ষণ করলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত তা অপসারণ করবে। তার প্রত্যাশা, ঈদের দিন রাত ১০টার মধ্যেই পুরো নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো। তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যেই বর্তমান প্রশাসকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “গণমাধ্যম সবসময় জনগণের কথা তুলে ধরে। আমরা চাই রাজশাহী একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হোক। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।”

সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক বলেন, “বর্তমান প্রশাসকের নেতৃত্বে রাজশাহীতে ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে যে আন্তরিকতা দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার মাধ্যমেই একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে অচিরেই রাজশাহী দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় পত্রিকা একুশের কণ্ঠ-এর ব্যুরো প্রধান শেখ মাহমুদুন্নবী তুষার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে রাজশাহীতে উন্নয়নমূলক ও সচেতনতামূলক এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য বর্তমান প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com