শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
এস এম সাঈদুর রহমান, খুলনা থেকে॥ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে।
সোমবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ প্রস্তাব গৃহীত হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ রাত ১০টায় জানান, সোমবার সন্ধ্যায় সভা শুরু হয়। সভায় মেয়র পদে সর্বমোট ১০ নেতার নাম প্রস্তাব করা হয়। তারা হলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা কাজী এনায়েত হোসেন, শেখ সৈয়দ আলী, এম ডি এ বাবুল রানা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুবলীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস এবং প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দীন জুয়েল ও শেখ সোহেল।
পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি সভায় উত্থাপন করার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে তালুকদার খালেকের প্রতি সমর্থন জানান। এই সিদ্বান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানোর পাশাপাশি অন্য ৯ জনের নামও পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।