শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কাহারোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উৎসব উদযাপিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ। কবির ভাষায়- ‘ওই নূতনের কেতন ওড়ে/কালবৈশাখীর ঝড়/তোরা সব জয়ধ্বনি কর’। আজকের দিনে এই জয়ধ্বনি দিয়েই কেবল অশুভ শক্তিকে পরাভূত করা সম্ভব। ঐ নতুনের কেতন উড়ে ‘হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক-হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। শুভ নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ পালন উপলক্ষে কর্মসূচি ছিল, সকাল ৮ টায় বিভিন্ন ব্যানার, ফ্যাষ্টুন সমন্বিত ভাবে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সকাল ৯ টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে প্রায় ৫ শত লোকজনকে পান্তা ভাত খাওয়ানো হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে বাংলা নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায় প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা স্মৃতি সৌধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইহা ছাড়া বাঙ্গালীদের জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com