মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

কালকিনিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভান।

সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হাবুল শিকদারের বিচার ও গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে একপর্যায়ে কিছু লোক অভিযুক্তের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি বিচার চেয়েও বিচার পাইনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com