শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

কারখানা বন্ধ করে সরকারের ঘাড়ে দায় চাপাতে চায় পারটেক্স গ্রুপ- আবু আশফাক এমপি

কারখানা বন্ধ করে সরকারের ঘাড়ে দায় চাপাতে চায় পারটেক্স গ্রুপ- আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক ঋণের টাকা পরিশোধ এড়াতে পারটেক্স গ্রুপ কারখানা বন্ধ করে তেল-গ্যাস সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তাঁর অভিযোগ, একটি কারখানা বন্ধের পর এখন পাঁচটি কারখানা বন্ধের কথা বলা হচ্ছে। এর মাধ্যমে সরকারের ওপর দায় চাপিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুরে সড়ক ও জনপথ বিভাগের একটি সড়ক সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

খন্দকার আবু আশফাক বলেন, ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা যাতে পরিশোধ করতে না হয়, সে উদ্দেশ্যেই কারখানা বন্ধ রেখে ক্ষতির ভান করা হচ্ছে বলে তিনি মনে করেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘পেতাত্মা’ হিসেবে পরিচিত একটি গোষ্ঠী এবং কিছু অসাধু ব্যবসায়ী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। পারটেক্স গ্রুপ তাদের অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।

কারখানা বন্ধ করে সরকারের ঘাড়ে দায় চাপাতে চায় পারটেক্স গ্রুপ- আবু আশফাক এমপি

এ বিষয়ে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ ও দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কারসাজিতে মেতে উঠেছে। কারখানা বন্ধের প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

এদিকে অনুষ্ঠানে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গালিমপুর বাজার থেকে দোহার ফিলিং স্টেশন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ কোটি ৩০ লাখ টাকা।

সড়কের কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন খন্দকার আবু আশফাক। নির্ধারিত সময়ের মধ্যে টেকসই ও মানসম্মত ভাবে কাজ শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com