বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ট্রেনটি বুধবার রাতে পর্যটক এক্সপ্রেস হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। তবে, এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
এদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়া হবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান তারা চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে নির্ধারিত নিয়মে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া, ঢাকায় ফিরতে ইচ্ছুক যাত্রীরা বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
অন্যদিকে, বুধবার প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। ফলে বুধবার রাতে কক্সবাজার থেকে ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
কক্সবাজার থেকে যাত্রার পরিকল্পনা থাকা যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে রেলওয়ে। একই সঙ্গে ট্রেন বাতিল হওয়া যাত্রীরা রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিট রিফান্ড করে অর্থ ফেরত নিতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সাময়িক এই ভোগান্তির জন্য তারা দুঃখিত। রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।