রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার বিক্রি করা হবে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। একইদিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে টিকিট সংগ্রহে স্টেশনে এসে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।
ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রা উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।