শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ঈদযাত্রায় ট্রেনের ২৬ মের টিকিট বিক্রি আজ

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। আজ বিক্রি হচ্ছে ২৬ মের যাত্রার টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হবে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মের টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মের টিকিট ১৪ মে এবং ২৫ মের টিকিট ১৫ মে। আগামী ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com