মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

স্পোর্টস ডেস্ক:: ম্যাচের প্রথম ভাগে পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন লিওনেল মেসি। তবে সেই হতাশাকে শক্তিতে রূপান্তর করে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করা হলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু অষ্টম মিনিটে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার শট পোস্টের বাইরে চলে গেলে হতাশ হয়ে পড়ে আর্জেন্টিনা শিবির।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করে আলবিসেলেস্তেরা। ২১ মিনিটে মেসির শট শেষ মুহূর্তে প্রতিহত করেন ডেভিড আলাবা। ৩৩ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোলবঞ্চিত হন আর্জেন্টিনা অধিনায়ক। তবে বারবার ব্যর্থতার পর অবশেষে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত।

৩৮ মিনিটে নিজের তৈরি করা আক্রমণ থেকেই গোলের দেখা পান মেসি। বাম দিক থেকে আক্রমণ শুরু করে বক্সের প্রান্ত থেকে নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। এই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে গিয়ে ভেঙে দেন মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। এনজো ফার্নান্দেস, নিকোলাস গঞ্জালেসরা একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি। অন্যদিকে অস্ট্রিয়াও আর্জেন্টিনার রক্ষণভাগে বড় কোনো চাপ সৃষ্টি করতে পারেনি।

ম্যাচের একেবারে শেষ দিকে আবারও জ্বলে ওঠেন মেসি। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া সুযোগে প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে বল পাঠান তিনি। তাতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ২-০ গোলের জয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com