সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন-গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। ভোট শুধু একটি অধিকার নয়, এটি গণতন্ত্রের বাস্তব প্রয়োগ।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দীর্ঘ সময় ভোট দিতে না পারার যে বেদনা, আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তা ঘুচিয়ে নিতে হবে।

ভোটারিধিকার ফিরিয়ে আনার আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে না যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কে কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যাকে ইচ্ছে তাকে ভোট দিন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত প্রকাশ করে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট না দিলে পরিবর্তন আসে না। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান করছি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য মামুন হোসেন ও আহসান উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com