শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

‘আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে ক্যারিয়ার শেষ করে দিব’

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তত এই সরকারের সময়ে সাবধানে চলেন । সিন্ডিকেট করার চেষ্টা করবেন না । আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করবেন না । কেউ চেষ্টা করলে তার ক্যারিয়ার শেষ করে দিব । টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, টেন্ডারে এমন কোনো শর্ত দিবেন না যাতে উন্মুক্ত প্রতিযোগিতার পথ বন্ধ হয় ।

বুধবার বিকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলী হাউজে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন । এদিন সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ।

কারসাজি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন । একইসঙ্গে তিনি সেবার মান ও আয় বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, বিআইডব্লিউটিসিকে আয় বাড়াতে হবে। এ সংস্থার আয় না হলে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন হবে না। প্রতিটি মন্ত্রণালয়ের অন্তত ৭৫ শতাংশ চাটুকার । দক্ষতা দিয়ে পদোন্নতি হয় না । আমরা জানি, সিভিল সার্ভিসে যারা কর্মরত তাদের দলবাজ হতে হয় না । কিন্তু এখন দেখছি সব সেক্টরে চাটুকারিতা চলছে । বর্তমান সরকারের এই আমলে অন্তত ব্যয় কমান, আয় বাড়ান । আপনাদের প্রত্যেকটি প্রাক্কলনে আমার সন্দেহ আছে । এখানে অনেক সমস্যা আছে জানি । আমি এখনও লঞ্চে যাতায়াত করি। নৌপথের সমস্যা আমি জানি । বিআইডব্লিউটিসির নৌযানের সমস্যা সমাধান করার নির্দেশ দেন উপদেষ্টা ।

উপদেষ্টা আরও বলেন, ঘাটে কম-বেশি টাকা আদায়ের অভিযোগ শুনি । আমি যেকোনো সময় ঘাটে যাব, মানুষের সঙ্গে কথা বলব। আমি যখন দায়িত্বে থাকব না তখন ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে । আমাকে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে । আমি সাধারণ মানুষের জন্যই কাজ করব ।

সভায় ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসভাবে মানুষ হত্যার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা । তিনি বলেন, আন্দোলনে ছাত্রদের যেভাবে মারা হয়েছে, তা মনে পড়লে আমি এখনও ঘুমাতে পারি না । তারা জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছেন, তা আমাদের মনে রাখতে হবে ।

সাখাওয়াত বলেন, সম্প্রতি একটি ভিডিও বের হয়েছে । ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে মানুষ মেরে একজনের ওপর আরেকজনের লাশ ছুড়ে ফেলা হচ্ছে । কত নৃশংসতা চিন্তা করা যায় । যেই সরকার এইসব কাজ করেছে, তারা কত দুর্নীতি করেছে তা বলার মতো নয় । সরকারের নিচ থেকে উচ্চপর্যায় পর্যন্ত দুর্নীতি হয়েছে । ওই সরকারের সময়ে যারা সৎ ছিলেন তাদেরকে ভালো জায়গায় রাখা হয়নি । যে দেশের প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, তার প্রধানমন্ত্রী ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাচল করে, সেই দেশে সিস্টেম নষ্ট হবারই কথা ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com