বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে বঙ্গোপসাগরে যেকোনো প্রজাতির মাছ আহরণের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।
এ সময় জেলেদের মাথাপিছু ৭৮ কেজি করে চাল দেবে সরকার। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।