মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক

গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটি কর্পোরেশন–এর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নির্মিত একটি সড়ক কয়েকদিনের মধ্যেই ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। উদ্বোধনের আগেই সড়কের এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়নকাজ দুটি প্যাকেজের আওতায় বাস্তবায়ন করা হয়।

প্রকল্পের আওতায় ২৫০ মিটার ডব্লিউবিএম সড়ক, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার প্রশস্ত ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণের কথা ছিল। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়ক দেবে যাওয়ায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার ৩ দিন পরই ভেঙে যায় রাস্তা। এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, যতোটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি। আমরা এলাকাবাসী কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি।

সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় এলাকার রাস্তা প্রথমে ফাটল ধরে, পরে সেখানে ভেঙে কয়েকফুট দেবে গেছে। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

কাশিমপুর নামাবাজার এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসান সরকার বলেন, রাস্তাটি দুই সপ্তাহ আগে করা হয়েছে নিম্নমানের মালামাল সামগ্রী দিয়ে। কাজ করায় মাত্র দুই সপ্তাহ না যেতেই রাস্তাটি ধসে পড়ে গেছে। এত বড় একটা দুর্নীতি অনিয়ম হয়েছে এ রাস্তাটির কাজের ক্ষেত্রে অথচ দায়িত্ববান লোকেরা চুপচাপ রয়েছেন।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে রাস্তাটা হচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার। পরিকল্পনার কোন ত্রুটিও থাকতে পারে। ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com