রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
মজিবুর রহমান, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে।
শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উৎসুক জনতার উপস্থিতিতে এক ব্যক্তি কাঁচি দিয়ে ওই যুবকের মাথার চুল কেটে দিচ্ছেন। অনেকেই তখন মুঠোফোনে দৃশ্যটি ধারণ করছিলেন।
এলাকাবাসীর ভাষ্য ও ঘটনা: স্থানীয় বাসিন্দারা জানান, জুনায়েদ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। গ্রামবাসী বারবার তাকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি জুনায়েদের কাছে মাদক কিনতে এলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। এসময় উত্তেজিত জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চুল কাটার সময় জুনায়েদ নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনও মাদক ব্যবসায় না জড়ানোর প্রতিশ্রুতি দেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের একটি অংশ মনে করেন, আইন হাতে না তুলে তাকে পুলিশের হাতে সোপর্দ করাই শ্রেয় ছিল।
পুলিশের বক্তব্য: এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ঘটনাটি তার জানা ছিল না। তবে খবর পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।