রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র দলের সদস্যদের অপসারণের তিন দফা দাবিতে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধের চতুর্থ দিন চলছে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে তৃতীয় দফায় এ অবরোধ শুরু হয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘোষিত তিন দফা দাবিতে এ আন্দোলন চলছে। অবরোধের সমর্থনে সড়কের কোথাও পিকেটারদের দেখা যায়নি। তবে সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের দ্রুত এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ অব্যাহত থাকবে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাজেক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় টহল ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রও বন্ধ রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।