সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৪টি হাট বাজার সরকারী দরের অর্ধেকের কম দরে নিলাম দেয়ার পাঁয়তাড়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের রাজস্ব কমবে প্রায় ১৯ লাখ টাকা।
হাট বাজার গুলো হলো, উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুষ্টারীরহাট, ভাদাই ইউনিয়নের বুড়িরহাট, দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়িহাট ও ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি দৈনিক বাজার।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, ১৪২৫ বাংলা সনে হাট বাজার ইজারা প্রদানে আদিতমারী উপজেলার ১৭টি হাট বাজারের বিপরীতে দরপত্র আহবান করে উপজেলা নির্বাহী অফিসারের দফতর। দরপত্র মোতাবেক প্রথম পর্যায়ে ১৩টি হাট বাজার সরকারী দর অতিক্রম করায় চুড়ান্ত নিষ্পত্তি করে উপজেলা হাট বাজার ইজারা কমিটি। বাকী ৪টি হাট বাজার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দরপত্র আহবান করা হলেও ইজারাদারগন গোপন আঁতাত করে সরকারী মুল্যের অর্ধেক মুল্যও দেন নি। ফলে ঝুলে থাকে এসব হাট বাজার ইজারা কার্যক্রম।
জানা গেছে, তৃতীয় দরপত্রে কুষ্টারীহাটটি সরকারী মুল্য ৩১ লাখ ৮২ হাজার টাকার স্থানে তমিজার রহমান ১৯ লাখ ১০ হাজার টাকায়, বুড়িরহাটে সরকারী মুল্য ১১ লাখ টাকার স্থানে ফরহাদ আলম সুমন ৮ লাখ ৭৫ হাজার টাকায়, শঠিবাড়িহাটে সরকারী মুল্য ৩ লাখ ৩৭ হাজার টাকার স্থানে আমিনুর রহমান ১ লাখ ৭৫ হাজার টাকায় এবং ভেলাবাড়ি দৈনিক বাজারে সরকারী মুল্য ৪৯ হাজার টাকার স্থানে নুরল আমিন মাত্র ১০ হাজার টাকায় সর্বচ্চ দরদাতা স্বীকৃতি পান। কিন্তু সরকারী মুল্য অতিক্রম না হওয়ায় এ ৪টি হাট বাজার নিষ্পত্তি হয় নি।
এ নিয়ে গত ৫ এপ্রিল বিশেষ সমন্বয় কমিটির সভা আহবান করে উপজেলা পরিষদ। সভায় তৃতীয় পর্যায়ের সর্বচ্চ দরদাতাকে হাট বাজার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করে চুড়ান্ত অনুমোদনের জন্য জেলা প্রশাসকের নিকট সুপারিশ করা হয়। এ মুল্য হাট বাজার ইজারা প্রদান করলে ওই উপজেলা থেকে সরকারের রাজস্ব কমে যাবে প্রায় ১৮ লাখ ৫৮ হাজার টাকা।
এ দিকে সরকারী মুল্যের অর্ধেকের নিচে হাট বাজার ইজারা না দিয়ে পুনরায় দরপত্র আহবানের দাবি করে এসব হাট বাজার এলাকার জনগন ৪টি আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। উপজেলা ইজারা কমিটি জনগনের এ ৪টি আবেদনও জেলা প্রশাসকের কার্যলয়ে অবগতির জন্য প্রেরন করেন।
কুষ্টারীহাটের সাবেক ইজারাদারের অংশিদার নুর আলম সেফাউল ডেইলী বাংলাদেশকে জানান, সরকারী মুল্যের নিচে হাট বাজার না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। পুনদরপত্র আহবান করে সুষ্ঠ ভাবে ইজারা হলে সরকারী মুল্য অতিক্রম করবে। সেক্ষেত্রে সরকারের দ্বিগুন রাজস্ব বাড়বে। তিনি পুনদরপত্রের দাবি জানান।
আদিতমারী উপজেলা হাট বাজার ইজারা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ডেইলী বাংলাদেশকে জানান, তৃতীয় পর্যায়ের সর্বোচ্চ দরদাতাদের মুল্য উল্লেখ করে উপজেলা বিশেষ সমন্বয় কমিটির সিদ্ধান্তসহ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত হবে এসব হাট বাজার ইজারা কার্যক্রম।
জেলা প্রশাসক শফিউল আরিফ ডেইলী বাংলাদেশকে জানান, উপজেলা সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও স্থানীয়দের আবেদনগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সরকারী রাজস্ব বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।