বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে গেল

হাইকোর্ট। ফাইল ছবি

একুশের কণ্ঠ প্রতিবেদন:: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী ৩১ আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারন করেন।

মঙ্গলবার হাইকোর্টে এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি দেশের বাইরে আছেন। এ কারণে আমরা সময় চাচ্ছি। তখন আদালত সময় আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেন।

মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গেলে গত বছরের ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ আট বছরের আছিয়াকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন। এ ঘটনায় ৮ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের নামে মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আছিয়ার মৃত্যু হয়।

১৩ এপ্রিল আদালতে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে হিটুকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড ও বাকি তিন আসামিকে খালাস দেন। ১১ আগস্ট হাইকোর্টে শুনানি শুরু হয়।

ওই বছরের ২১ মে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ। এই আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে গত বছরের ১ জুলাই হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে তাকে দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com