শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছকিম উদ্দিন(৩৮) নামে এক শিশু ধর্ষনকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছকিম উদ্দিন আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার গ্রামের বাকী মামুদের ছেলে। তিনি ওই সেতু বাজারে একটি সেলুনের মালিক।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, গত রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সেতু বাজারে ছকিম উদ্দিনের সেলুনে চুল কাটতে যায় তার প্রতিবেশী এক শিশু (৫)। এ সময় বাজারের অন্যসব দোকান বন্ধ থাকায় নিজের দোকান বন্ধ করে ওই শিশুটির মুখ চেপে ধরে ধর্ষন করে লম্পট ছকিম উদ্দিন। স্থানীয়রা শিশুটিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির পরিবার বাদি হয়ে ধর্ষক ছকিম উদ্দিনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে। বুধবার(২৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম দুর্গাপুর কুমারপাড়া হয়ে ভারতে পাড়ি জমানোর চেষ্টা করলে পুলিশ তাকে চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়ে। এতে একটি গুলি তার বাম পায়ে লাগলে আহত অবস্থায় ধর্ষক ছকিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ছকিম উদ্দিনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।