সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মাদক, বাল্যবিবাহ, বালু উত্তোলন ও মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ এমপি আশফাকের

নবাবগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য রাখছেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

নিজস্ব প্রতিবেদক:: মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসব নম্বরবিহীন মোটরসাইকেল চালকরাই মাদক, কিশোরগ্যাং ও স্কুল কলেজের সামনে উত্যক্ত করে। তাঁদের দমন করতে পারলে অপরাধ অনেকাংশে কমে যাবে। ঢাকার নবাবগঞ্জে তাঁর নাম ব্যবহার করে কোনো দলীয় নেতা অপরাধে জড়ালে তাঁকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, দলের যে নেতাই হোন না কেন, তাঁর নাম প্রচার করে অপরাধ করলে তাঁকে ক্ষমা করা হবে না। প্রশাসনকে তিনি এসব অপরাধীদের দিগুন শাস্তি দিতে বলেছেন।

সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে নবাবগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন খন্দকার।

সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সংসদ সদস্য। তিনি আরো বলেন, প্রবাসী এলাকার কিশোররা বাবা মাকে চাপ দিয়ে মোটরসাইকেল কিনে নানা অপরাধে জড়িত হয়। কিশোরগ্যাংয়ের উত্থান দমাতে প্রশাসনকে টিমওয়ারী কাজ করতে হবে।

সভায় নবাবগঞ্জের জনগণের যাতায়াত সমস্যা বান্দুরা বাজার, নবাবগঞ্জ চৌরাস্তা ও বাগমারা বাজারকে ফুটপাত মুক্ত করে যানজট নিরসনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা রবিউল ইসলাম, নিবার্হী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হানিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com