বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ছবি: আনাদোলু এজেন্সি থেকে সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মক্কাসহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
রেড অ্যালার্টের আওতায় রয়েছে মক্কা অঞ্চলের তায়েফ, আল-কামিল, আদহাম ও এর চারপাশের এলাকাগুলো। এসব এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ ও বদর এলাকায় মাঝারি বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ সতর্কতা এবং রাবিঘ, জেদ্দা ও আল-খুরমাহ অঞ্চলে হালকা বৃষ্টি ও ধূলিঝড়ের কারণে ‘ইয়োলো অ্যালার্ট’ সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা এবং মদিনার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় ও শিলাবৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি উওরাঞ্চলীয় সীমান্ত এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে প্রবল বাতাসসহ বৃষ্টিবাহী মেঘপুঞ্জ অবস্থান করছে। রাতের শেষভাগে উপকূলীয় এলাকায় ঘন কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: সৌদি গ্যাজেট